লন্ডনে নাহিদের সংবর্ধনায় হামলায় গ্রেফতার ৬
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ২৪ থেকে ২৬ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়। তবে কারও বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি এবং পরবর্তী তদন্তসাপেক্ষে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। লন্ডনের একটি কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় গাছের ডাল দিয়ে এনসিপি নেতাকর্মীদের ব্যাপক মারধর করে তারা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় ‘সহিংস বিশৃঙ্খলা’ সৃষ্টির সন্দেহে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর বয়সি ওই ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার ন্যান্সি বাউহার্স্টের দেওয়া তথ্যে আটককৃতদের নাম-পরিচয়, জাতীয়তা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ করা হয়নি। তদন্তের নেতৃত্বদানকারী ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মুলকাহি জানান, এই সহিংসতা রেডব্রিজ এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল এবং অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দলটি পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সপ্তাহজুড়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষার মাধ্যমে এই ৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
