সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (৩)
তিন নদীতে প্লাস্টিক কণা ও বিষ
মাছের শতভাগ নমুনায় মাইক্রোপ্লাস্টিক * বিষ দিয়ে মাছ ধরায় বিপন্ন জলজপ্রাণী
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ঘেঁষে সবুজের সমারোহ -সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনের বাঘ, হরিণ কিংবা বনজসম্পদ রক্ষায় নানা উদ্যোগের কথা শোনা যায়; কিন্তু যে নদী-খাল ঘিরে এই ম্যানগ্রোভ বনের প্রাণপ্রবাহ, সেই জলজ পরিবেশই পড়েছে ভয়াবহ দূষণের কবলে। নদীর পানি, তলদেশের পলি থেকে শুরু করে মাছের শরীরেও ছড়িয়ে পড়েছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় পরীক্ষিত শতভাগ মাছ এবং চিংড়ির ৯৩ শতাংশ নমুনায় মিলেছে এই কণা। পশুর, খোলপেটুয়া ও রায়মঙ্গল-তিন নদীর মধ্যে মোংলা বন্দরসংলগ্ন পশুর নদীতে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অপরাধ। একদিকে প্লাস্টিক বর্জ্যরে দীর্ঘস্থায়ী দূষণ, অন্যদিকে বিষের নির্বিচার ব্যবহার; দ্বিমুখী চাপে সুন্দরবনের জীববৈচিত্র্য চরম ঝুঁকিতে পড়েছে।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘মেরিন এনভায়রনমেন্টাল রিসার্চ’-এর ২০২৬ সালের নভেম্বর সংখ্যায় প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এ চিত্র। গবেষকরা তিনটি নদী এবং সংলগ্ন চিংড়ি চাষের এলাকার পানি, পলি, মাছ ও চিংড়ির নমুনা পরীক্ষা করেন। এর মাধ্যমে তারা দূষণের বিস্তার, প্লাস্টিকের ধরন, সম্ভাব্য উৎস এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের ঝুঁকি বিশ্লেষণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম যুগান্তরকে বলেন, সুন্দরবনের মাছেও বিষ। কী ভয়ংকর কথা! এসব অপরাধের সঙ্গে স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতাকর্মী কিংবা অন্য যে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিষ ব্যবসার সঙ্গে জড়িতদের মূলোৎপাটনে প্রয়োজনে তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
খুলনার বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান যুগান্তরকে বলেন, বিষ দিয়ে মাছ ধরা এবং গবেষণায় মাছের শরীরে বিষ ছড়িয়ে পড়ার বিষয়টি খুবই উদ্বেগের। ওয়ান-টাইম প্লাস্টিক, প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট সুন্দরবনের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এছাড়া হরিণ শিকার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বন বিভাগ নিয়মিত টহল ও নজরদারি করছে। তবে জনবল ও আধুনিক প্রযুক্তির ঘাটতি এক্ষেত্রে বড় বাধা।
গবেষণায় পানিতে ৫০ থেকে ৪৮০ কণা : গবেষণাটির শিরোনাম ‘অক্যুরেন্স, পলিমার কম্পোজিশন অ্যান্ড পলিমার-স্পেসিফিক ইকোলজিক্যাল অ্যান্ড হিউম্যান হেলথ রিস্কস অব মাইক্রোপ্লাস্টিকস ইন দ্য সুন্দরবনস ম্যানগ্রোভ ইকোসিস্টেম, বাংলাদেশ’। গবেষকরা ২০২৪ সালের আগস্টে বর্ষা মৌসুমে নমুনা সংগ্রহ করেন।
গবেষণায় পানিতে প্রতি ঘনমিটারে ৫০ থেকে ৪৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। পলিতে প্রতি কেজিতে কণার পরিমাণ ৫৮ দশমিক ৫৫ থেকে ২৬৯ দশমিক ২৫টি। উভয় ক্ষেত্রেই সবচেয়ে বেশি দূষণ পাওয়া গেছে পশুর নদীতে। গবেষকদের বিশ্লেষণে মোংলা বন্দরসংলগ্ন এলাকায় মানুষের কর্মকাণ্ডের চাপকে এ দূষণের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
প্লাস্টিকের বড় টুকরো সময়ের সঙ্গে সূর্যের আলো, ঢেউ ও ঘর্ষণে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়। পাঁচ মিলিমিটারের কম আকারের এসব কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। আকারে অত্যন্ত ছোট হওয়ায় খালি চোখে অনেক সময় এগুলো শনাক্ত করা যায় না। নদীর স্রোত ও জোয়ার-ভাটার সঙ্গে ছড়িয়ে পড়া এসব কণার কিছু পানিতে ভেসে বেড়ায়, আবার কিছু তলদেশের পলিতে জমা হয়। ফলে পানি ও পলি-দুই জায়গাতেই দূষণের দীর্ঘস্থায়ী উপস্থিতি তৈরি হয়। একবার পরিবেশে ছড়িয়ে পড়লে এসব কণা অপসারণ করাও কঠিন।
মাছের শতভাগ নমুনায় মাইক্রোপ্লাস্টিক : সব মাছের নমুনায় মাইক্রোপ্লস্টিক শনাক্ত হয়েছে। চিংড়ির নমুনার ৯৩ শতাংশে পাওয়া গেছে এসব ক্ষুদ্র কণা। মাছ ও চিংড়ির ফুলকা এবং পরিপাকতন্ত্রে পেশির তুলনায় বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ দূষণ শুধু নদীর পানি ও পলিতে আটকে নেই, জলজ প্রাণীর শরীরেও প্রবেশ করেছে।
বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে দূষণ জমার মাত্রায় পার্থক্য পাওয়া গেছে। গবেষণায় তাপসী মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমার প্রবণতা সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। এসব মাছ ও চিংড়ি মানুষের খাদ্যতালিকায় থাকায় খাবারের মাধ্যমে শরীরেও কণা প্রবেশের আশঙ্কা রয়েছে। গবেষকরা বার্ষিক খাদ্য গ্রহণের হিসাবের ভিত্তিতে মানুষের সম্ভাব্য মাইক্রোপ্লাস্টিক গ্রহণের পরিমাণ ও ঝুঁকি মূল্যায়ন করেছেন। বিশেষ করে শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
বিষ দিয়ে মাছ ধরা, ১০ মাসে ৪০০ মামলা : প্লাস্টিক দূষণের পাশাপাশি সুন্দরবনের জলজ পরিবেশে আরেকটি বড় হুমকি বিষ প্রয়োগ করে মাছ ধরা। এ পদ্ধতিতে মাছ শিকারের সময় পানিতে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে। এতে শুধু মাছই নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। পানিতে বিষ ছড়িয়ে পড়লে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর স্বাভাবিক জীবনধারণ ব্যাহত হয়। নষ্ট হতে পারে খাদ্যশৃঙ্খলের ভারসাম্যও। এ ধরনের মাছ শিকারের কারণে নদীর একটি নির্দিষ্ট অংশের জলজ পরিবেশও ক্ষতির ঝুঁকিতে পড়ে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন আইনে ৪০০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি হয়েছেন ৩৯৪ জন। গ্রেফতার হয়েছেন ৩৬০ জন। পলাতক ৩৪ জন। এ সময়ে ৪০৫টি নৌকা ও ২৯টি ট্রলার জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ৩৬৬টি জাল এবং বিষের ১৮৮টি বোতল। এছাড়া হরিণ শিকারের ২ হাজার ৮৯২ মিটার ফাঁদ উদ্ধার করা হয়েছে।

