কাজে ফিরেছেন শ্রমিকরা কর্মচঞ্চল গাজীপুর
বিক্ষোভ-সহিংসতার খবর নেই-পুলিশ * শ্রমিকদের বাড়ি ভাড়া না বাড়ানোর আহ্বান স্থানীয় এমপির
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টানা ৪ সপ্তাহের শ্রমিক আন্দোলনের পর গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার কারখানায় কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকালে তোলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টানা ৪ সপ্তাহের শ্রমিক আন্দোলন, বিক্ষোভ, সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুর শিল্পাঞ্চলে। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর ৩ দিনের ছুটি শেষে শনিবার সকালে গাজীপুর সদর, কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ীসহ জেলার বেশির ভাগ পোশাক কারাখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। এদিন সকাল থেকে কারখানাগুলোতে দলে দলে যোগ দেন তারা। পুলিশ বলছে, এদিন কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশির ভাগ কারখানায় কাজ শুরু হওয়ায় এ জেলার শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে ২৭ অক্টোবর কালিয়াকৈরের মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায়। একপর্যায়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে শ্রমিক অসন্তোষ। পরে ঢাকার মিরপুর, সাভারের আশুলিয়া ও নারায়ণগঞ্জেও শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে সরকার। এর ধারাবাহিকতায় ২৪ নভেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে মজুরি বোর্ডের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন অব্যাহত রাখেন। পরে বেশ কয়েকটি কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়। আন্দোলন-বিক্ষোভ ও ছুটি শেষে শনিবার সকালে বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা।
শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা যায়। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতেও বেশির ভাগ শ্রমিক উপস্থিত ছিল। কালিয়াকৈরে তিন শতাধিক পোশাক কারখানা রয়েছে। সূত্র জানায়, এ উপজেলার প্রায় ৮০ শতাংশ কারখানা খোলা রয়েছে। বাকি কারখানাগুলো সাপ্তাহিক ছুটি ও অভ্যন্তরীণ কারণে বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, কর্মপরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, তিন দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফিরেছেন। কোনাবাড়ী শিল্পাঞ্চলের বেসিক এলাকার সব কারখানা চালু রয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন বলেন, কাশিমপুর থানাধীন অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে বাকি কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে।
এদিন কোনাবাড়ীতে শ্রমিকদের বাড়ি ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ-সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, এই বেতন শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বাড়ানো হয়েছে। বাসা ভাড়া বাড়ালে শ্রমিকদের জীবন মানের পরিবর্তন হবে না। শিল্প, শ্রমিক ও দেশের স্বার্থে বাড়িওলাদের প্রতি বাসা ভাড়া না বাড়ানোর জন্য আহ্বান জানান এই এমপি। দুপুর ২টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ নজর দীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ে ছয়তলা ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
