Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

৩৮ দিনেও কাটেনি সাজেক সংকট

ফের বিক্ষোভ পাঁচ দাবিতে অনড় আন্দোলনকারীরা

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের বিক্ষোভ পাঁচ দাবিতে অনড় আন্দোলনকারীরা

Advertisement

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের সড়কে টানা অবরোধে ৩৮ দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে। সংকট নিরসনে প্রশাসনের একাধিক উদ্যোগ, বৈঠক ও আলোচনার পরও পরিস্থিতির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং শনিবার সকালেও সাজেকের উজোবাজার ও দোপাদা পথ এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন অবরোধকারীরা। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে নিরাপত্তার কথা বিবেচনায় সাজেকে পর্যটক প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা বহাল থাকায় পর্যটন ব্যবসা কার্যত বন্ধ রয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে গঙ্গারাম উজোবাজার এলাকায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ, সাজেক শাখার ব্যানারে ‘সাজেকবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত কর’ স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে লাঠি নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে জননিরাপত্তা নিশ্চিত, সাজেকের বিভিন্ন এলাকা থেকে জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুধন চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বক্তৃতা করেন। লিখিত বক্তব্য তুলে ধরেন সংগ্রাম পরিষদের নেত্রী ঝরনা চাকমা।

এ সময় পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে মাঠে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাজেকে অবস্থান নেওয়া সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নিয়ে জননিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

অবরোধের কারণে সাজেকের প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের হিসাবে প্রতিদিন প্রায় এক কোটি টাকা ক্ষতি হচ্ছে। পর্যটননির্ভর প্রায় ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। খাগড়াছড়ি-সাজেক সড়কে চলাচলকারী শতাধিক যানবাহন বন্ধ রয়েছে বলে জানান সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানিয়েছেন, সাজেকে একপক্ষ অবরোধ প্রত্যাহার করলেও অন্য পক্ষের অবরোধ অব্যাহত রয়েছে। ভয়ে সাধারণ মানুষও যানবাহন বের করছে না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় সাজেকে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাগজে কড়া শর্ত বাস্তবে জোড়াতালি জনবল ছাড়াই কাল থার্ড টার্মিনাল চুক্তি

জনবল ছাড়াই কাল থার্ড টার্মিনাল চুক্তি

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (৩) তিন নদীতে প্লাস্টিক কণা ও বিষ

তিন নদীতে প্লাস্টিক কণা ও বিষ

ধানমন্ডিতে মোরগ-পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

ধানমন্ডিতে মোরগ-পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

কাজে ফিরেছেন শ্রমিকরা কর্মচঞ্চল গাজীপুর

কাজে ফিরেছেন শ্রমিকরা কর্মচঞ্চল গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম