হোয়াটসঅ্যাপ-ফেসবুকে সক্রিয় সন্ত্রাসী রায়হান
একের পর এক অভিযানেও গ্রেফতারে ব্যর্থ
আহমেদ মুসা, চট্টগ্রাম
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে বেশ সরব সন্ত্রাসী রায়হান আলম। পুলিশের বিভিন্ন অভিযানের জবাবও দিচ্ছে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি পুলিশ কর্মকর্তাকে ফোনে কল করে খোশগল্পও করছে সে। এরপরও চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে নাগালে আনতে পারছে না আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনী। একের পর এক অভিযানে ফসকে যাচ্ছে সে। এমনকি অভিযানের সময় পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার পরও তাকে শনাক্ত করা যায়নি। নানা কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে খুনখারাবিতে মেতে উঠছে।
রায়হান রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জুরুরকুল মুন্দার খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে। পুলিশ বলছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী রায়হানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫ মামলা রয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, রায়হান অত্যন্ত চালাক প্রকৃতির। সে বাংলাদেশি সিম ব্যবহার করে না। ব্যবহার করে বিদেশি সিম। হোয়াটসঅ্যাপ নম্বরও দেশের বাইরে থেকে অ্যাকটিভ করা। শুধু রাউটার দিয়ে নেট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকছে। এছাড়া তার ফেসবুকও দেশের বাইরে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর যেসব স্ট্যাটাস দেওয়া হচ্ছে, সেগুলো দেশের বাইরে থেকে। এছাড়া এই সন্ত্রাসী এক জায়গায় স্থির থাকে না। দিনে কয়েক জায়গায় মুভ করে।
পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ডান হাত হিসাবে খ্যাত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন গ্রেফতার হওয়ার পর চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা কিছুটা কমেছিল। তবে নতুন করে তাদের সেই শূন্যস্থান দখল করেছে রায়হান। সে রাউজান-রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি, হামলা, গোলাগুলিসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। পুলিশ ও স্থানীদের ভাষ্য-রায়হানকে গ্রেফতার করলে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের অস্থিরতা অনেকটাই কমে আসবে। পুলিশ এখন তাকে হন্যে হয়ে খুঁজছে।
২৯ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযানের সময় ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায় রায়হান। এর আগে রাউজানে নিজের বাড়িতে পুলিশের অভিযানের সময়ও ছাদ টপকে পালিয়ে যায় সে।
সোমবার ফটিকছড়ির সুয়াবিলের চুরখাঁরহাট বাজারে এলোপাতাড়ি গুলি ছোড়ার পর পুলিশ অভিযান চালায়। ওই অভিযানের পর ফেসবুকে স্ট্যাটাস দেয় রায়হান। এতে সে দাবি করে, আত্মরক্ষার্থে সে গুলি চালিয়েছে। এ গুলিতে অন্তত ছয়জন আহত হন।
এরপর রায়হান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজকে ফোন করে। এ সময় এই পুলিশ কর্মকর্তা তাকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানান। তবে সে উলটো পুলিশ কর্মকর্তার পরিবার কোথায় থাকে, আর কদিন হাটহাজারীতে আছেন, তা চানতে চায়। এই কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়েছে। এর টানা দুদিন অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, এ সময় রায়হানের ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার রাতে রায়হান ফেসবুকে লিখেছে-‘সত্যি বলতে, অসহায় মানুষগুলো কারও না কারও প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চিনে, না আমি ওনাদের চিনি। শুধু শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ। এরা হয়তো আওয়ামী লীগ, আর না হয় বড় কোনো নেতার প্রতিপক্ষ। আর আমি এরকম বাংলা মাল ব্যবহার করি না।’
গত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি করে আলোচনায় আসে রায়হান। সেই গুলিতে সারওয়ার হোসেন বাবলা নিহত এবং এরশাদ উল্লাহ আহত হন। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হন এরশাদ এবং এমপি নির্বাচিত হন।
সর্বশেষ একরাম নামে এক ব্যবসায়ীকে ষোলশহর ফরেস্ট গেট এলাকায় গুলি করে রায়হান। হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন একরামের স্ত্রী রুমা আকতার সূচি। ওই ঘটনায় মামলা করতে থানায় গেলে সেখানেও সূচির পিছু নেয় রায়হান ও তার বাহিনী। পরে তিনি বায়েজিদ বোস্তামী থানা পুলিশের সহায়তায় বাসায় ফেরেন। সূচি বলেন, ‘চট্টগ্রামে একের পর এক হত্যার জন্য ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেন ইকরাম। এরপর থেকে তাকে হত্যার জন্য টার্গেট করেছে ওই বাহিনীর সন্ত্রাসী রায়হান। সর্বশেষ গুলির কারণে তিনি এখনো সুস্থ হতে পারেননি। অনেকটা আত্মগোপনে রয়েছেন। রায়হানকে ধরা না গেলে আমাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ যুগান্তরকে বলেন, ‘রায়হান অনেক ধূর্ত প্রকৃতির। কিছু কিছু অভিনব কৌশল অবলম্বন করে গ্রেফতার এড়াতে চেষ্টা করছে। আমরাও তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি, শিগ্গিরই গ্রেফতার করা সম্ভব হবে।’
