সীমান্তের এপারে কোনো অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। সীমান্তের ওপারে কে কী করছে, আমরা জানি না। তবে সীমান্তের এপারে, দেশের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না। শনিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত বিজিবি সদস্যদের দেখতে যান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাঁয়তারাও চলছে। আমরা বদ্ধপরিকর-দেশে যে কোনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করে দেব। তিনি বলেন, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সবসময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে-তা ধরেই নেওয়া হয়। এ জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
আবার জ্বালাও-পোড়াও শুরু হয়েছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ করেছেন, তারা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শৃঙ্খলাও রক্ষা করেছে। তবে কিছু কিছু শ্রমিক নামধারী, তারা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমার মনে হয় তারা সফল হবে না। এর আগে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বিষয়ে তিনি বলেন, অনেকে আহত হয়েছেন, কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসারও প্রয়োজন হবে। তারা নিজেরা আহত হলেও শ্রমিকদের গায়ে হাত দেননি। কোনো শ্রমিক আহত হননি, প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। সব মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখন শৃঙ্খলা ফিরে এসেছে এবং তারা জনআস্থা অর্জন করেছে। তাদের দায়িত্ব পালনে সাহস জুগিয়েছি, প্রশংসা করেছি। তাদেরকে পুলিশ পদকসহ অন্যভাবে পুরস্কৃত করা হবে।
এরপর গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাসপাতালে তিনি আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
