Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

তৃতীয় দফায় সময় বৃদ্ধি শেষ হচ্ছে আজ 

হজযাত্রী নিবন্ধনে সাড়া মেলেনি

Advertisement

Icon

হুমায়ুন কবির

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হজযাত্রী নিবন্ধনে সাড়া মেলেনি

Advertisement

চলতি হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সাড়া কম। এ পর্যন্ত তিন দফায় নিবন্ধনের সময় বৃদ্ধি করা হলেও আশানুরূপ সাড়া মেলেনি। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর নিবন্ধনের সময় শেষ হলে আরও ১৮ দিন এই সময়সীমা বাড়ানো হয়। আজ সেই সময়ও শেষ হচ্ছে। 

জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৩ হাজার ৬২৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছে ৩৯ হাজার ৮৬৬ জন। সরকারি ও বেসরকারি মিলে মোট নিবন্ধন করেছে ৪৩ হাজার ৪৯১ জন হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজব্রত পালনের কোটা রয়েছে। এ হিসাবে এখনো ৮৩ হাজারের বেশি আসন ফাঁকা। 

প্রাক-নিবন্ধনের পরও হজযাত্রীদের আগ্রহ কেন কমল-এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা যায়, দীর্ঘ সময় ধরে দেশে অর্থনৈতিক মন্দা চলায় আগ্রহ থাকলেও প্যাকেজের টাকা জমা দিতে পারেননি অনেকে। একদিকে স্বল্প ও মধ্য আয়ের মানুষের উপার্জন কমে গেছে। পাশাপাশি লাগামহীনভাবে বেড়েছে নিত্যপণ্য ও সেবার মূল্য। ফলে সব শ্রেণি-পেশার মানুষের ব্যয় বেড়েছে। ব্যয় যতটা বেড়েছে, আয় ততটা বাড়েনি। এতে করে স্বল্প ও মধ্য আয়ের মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ থাকছে কম। যে কারণে অনেকেই সঞ্চয় করতে পারছেন না। অতি মূল্যস্ফীতির ফলে মানুষের ক্রয়ক্ষমতাও কমে গেছে। সঞ্চয় থেকে ভেঙে খাচ্ছেন অনেক সাধারণ মানুষ। অনেকে হজের জন্য জমানো টাকাও খরচ করেছেন। 

ফলে এর প্রভাব পড়েছে নিবন্ধনেও। গত বছর ১৫ নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধনে সাড়া না মেলায় দ্বিতীয় দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ধর্ম মন্ত্রণালয়। ওই সময় পর্যন্ত নিবন্ধন করেন ২৬ হাজার হজযাত্রী। পরে ১৮ জানুয়ারি পর্যন্ত তৃতীয় দফায় সময় বাড়ানো হলে এই সংখ্যা দাঁড়ায় ৪৩ হাজার ৪৯১ জনে। 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগ্রহী হজযাত্রীরা ১৮ জানুয়ারি (আজ বৃহস্পতিবার) পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

এর আগে প্রথম দফার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৪ সালের হজযাত্রীদের চূড়ান্ত তালিকা ৭ জানুয়ারির মধ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মার্চের প্রথমদিন থেকে ভিসা ইস্যু করা হবে। সৌদি ই-হজ সিস্টেমে ২০২৪ সালের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ ধরা হয় ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। এ ছাড়া ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকায় এবার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে বেসরকারিভাবে যারা হজে যেতে ইচ্ছুক তাদের জন্য ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন তালিকায় রয়েছেন ৩ হাজার ৫০৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের তালিকায় রয়েছেন ১ লাখ ১২ হাজার ৬১১ জন। 

জানা গেছে, বর্তমানে সৌদি আরবে ওমরাহ করতে হলে ১০ দিনের প্যাকেজে ১ লাখ ৫০ হাজার টাকা মতো খরচ হয়। ওমরাহর ক্ষেত্রে সৌদি বিমানের সরাসরি ফ্লাইট টিকিট কেটে আসা-যাওয়া বাবদ ভাড়া পড়ছে ৮৫ থেকে ৯০ হাজার টাকা। তবে অন্যান্য দেশের ট্রানজিট নিয়ে গেলে ভাড়া পড়ছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। 
কিন্তু হজের সময় বিমান ভাড়া ধার্য করা হয়েছে ২ লাখ টাকার কাছাকাছি। এতে প্যাকেজের মূল্য অনেক বেড়ে গেছে। হজযাত্রীদের আপত্তি এখানেই। সরকার চাইলে বিমান ভাড়া ওমরাহর প্যাকেজের মতো করতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম যুগান্তরকে বলেন, চলতি হজের পাকেজে বিমান ভাড়া তেমন বেশি নির্ধারণ করা হয়নি। এই টাকা কমানোর সুযোগ নেই। 

ওমরাহ হজে বিমান ভাড়ার প্রসঙ্গে তিনি বলেন, হজের সময় ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হয়। তাই খরচ বেশি পড়ে। তিনি জানান, হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর বিষয়ে এখনো পর্যন্ত কেউ কথা বলেনি। 

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম যুগান্তরকে বলেন, ইতোমধ্যে যারা নিবন্ধন করেছে তাদের নিয়ে আমরা কার্যক্রম শুরু করব। এবার নিবন্ধনের সংখ্যা অনেক কম হওয়ায় হজের কোটা নিয়ে সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোটা নির্ধারণ হয় মূলত মুসলিম জনসংখ্যার ভিত্তিতে। ফলে কোটা নিয়ে কোনো সমস্যা হবে না। 

আর্থিক সংকটসহ হজের প্যাকেজমূল্য বেশি হওয়ায় প্রাক-নিবন্ধন করেও অনেকে হজে যাচ্ছে না-এ বিষয়ে তিনি বলেন, প্রাক-নিবন্ধনের মেয়াদ থাকে তিন বছর পর্যন্ত। যদি কেউ এবার না যায় আগামী বছর যাওয়ার সুযোগ আছে। নিবন্ধনে ভাটার বিষয়ে তিনি কিছু বলতে চাননি। 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, হজের সময় আর বাড়বে না এটা সঠিক করে বলা যাচ্ছে না। চলতি বছর নির্বাচন হওয়ায় অনেক মানুষ ওমরাহ পালন করেছেন। তাই এবার নিবন্ধনের সাড়া কম।
 

Advertisement

সরকারি বেসরকারি

Advertisement

আরও পড়ুন

গবেষণা প্রতিবেদন সয়াবিন তেলে বিষাক্ত ধাতু

সয়াবিন তেলে বিষাক্ত ধাতু

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সার ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী মারুবেনি

সার ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী মারুবেনি

ইউনিয়ন পরিষদ সহিংসতা কমিয়ে ভোটের পরিকল্পনা ইসির

সহিংসতা কমিয়ে ভোটের পরিকল্পনা ইসির

যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ অধিদপ্তরের ভেতর থেকেই প্রশ্নফাঁস

অধিদপ্তরের ভেতর থেকেই প্রশ্নফাঁস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম