ট্রাম্প প্রশাসনে থাকছেন ইলন মাস্ক, কেনেডি জুনিয়র
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। এর আগেই তিনি নতুন প্রশাসন ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়ে রাখবেন। কারা আসছেন নতুন মেয়াদে ট্রাম্প প্রশাসনে। এ নিয়ে এখনই শুরু হয়েছে গুঞ্জন। বিবিসি এ তালিকায় যুক্ত করেন সম্ভাব্য বেশ কিছু নাম। যাদের দেখা যেতে পারে ট্রাম্পের আগামী প্রশাসনে।
বৃহস্পতিবার সহ-ব্যবস্থাপক সুসান সামারাল ওয়াইলসকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। এর পর থেকেই জানা যাচ্ছে, ট্রাম্পের আগের মেয়াদে প্রশাসনে থাকাদের সিংহভাগই বাদ পড়তে পারেন নতুন মেয়াদে। মন্ত্রিসভায় আসতে পারেন একঝাঁক নতুন মুখ।
রবার্ট এফ কেনেডি জুনিয়র : প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগনে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে দেখা যেতে পারে ট্রাম্প প্রশাসনে। আগে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করলেও শেষ পর্যন্ত সেই দৌড় থেকে সরে গিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে জোট বাঁধেন। নির্বাচনের আগে তিনি ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ নামে একটি প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং ফুড অ্যান্ড ড্রাগ সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতো জনস্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত একটি প্রধান ভূমিকা পালন করবেন কেনেডি জুনিয়র।
ইলন মাস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এ বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ট্রাম্পকে জেতাতে তিনি ১১৯ মিলিয়ন মার্কিন ডলার ঢেলেছেন। এছাড়া মাস্ক অবৈধ অভিবাসন এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ বেশ কিছু ইস্যুতে তিনি ক্রমবর্ধমানভাবে সোচ্চার হয়েছেন। এসব কারণে ধারণা করা হচ্ছে, ‘সরকারি দক্ষতা বিভাগ’র নেতৃত্বে দেখা যেতে পারে মাস্ককে। যার ফলে খরচ কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারেন মাস্ক। তাই ধারণা করা হচ্ছে মাস্ককে দেখা যাবে ট্রাম্পের প্রশাসনে।
মাইক পম্পেও : কানসাসের সাবেক কংগ্রেসম্যান মাইক পম্পেও ট্রাম্পের প্রথম প্রশাসনে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক এবং তৎকালীন সেক্রেটারি অব স্টেট হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র নীতির ব্যাপারে তার বেশ ভালো ধারণা রয়েছে। তিনি ইসরাইলের কট্টর সমর্থক। পম্পের ইসরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ক্ষেত্রেও জোরালো ভূমিকা ছিল। তাই ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনে তিনিও দায়িত্ব পেতে যাচ্ছেন।
ক্যারোলিন লেভিট : ক্যারোলিন লেভিট ছিলেন ট্রাম্পের প্রচারণার মুখপাত্র। এর আগে তিনি ট্রাম্পের হোয়াইট হাউজ প্রেস অফিসে সহকারী প্রেস সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে তিনি হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হতে পারেন।
টম হোম্যান : টম হোম্যান প্রথম ট্রাম্প প্রশাসনে ইউএস ইমিগ্রেশনস অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে কাজ করেছেন। তখন তিনি অবৈধ ক্রসিং রোধ করার উপায় হিসাবে অভিবাসী শিশুদের তাদের পিতামাতার কাছ থেকে আলাদা করার প্রবক্তা ছিলেন। তিনি ট্রাম্পের গণ-অভিবাসী নির্বাসন পরিকল্পনার বিকাশে একটি মূল ব্যক্তিত্ব হিসাবে কাজ করেছেন। তাকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে।
