চিকিৎসাসেবার নামে অতিরিক্ত মাইকিং
Advertisement
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চিকিৎসকের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখানোর প্রচারণায় নিয়মিত মাইকিং জনমনে বিরক্তির সৃষ্টি করছে। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে এভাবে অতিরিক্ত প্রচারণা কতটা যৌক্তিক, তা ভেবে দেখা প্রয়োজন। চিকিৎসকের কাছে রোগীরা যান আস্থা ও প্রয়োজনের তাগিদে। কিন্তু রোগী দেখার সময় চেম্বারের ঠিকানা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রচারণায় নিয়মিত উচ্চশব্দে মাইকিং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে। বিশেষ করে একই ধরনের ঘোষণা বারবার শুনতে গিয়ে অনেকের কাছে বিষয়টি বিরক্তিকর হয়ে উঠছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবার তথ্য প্রচার করা যেতে পারে, তবে তা হতে হবে শালীন, পরিমিত ও জনস্বার্থের প্রতি সংবেদনশীল। প্রশ্ন হচ্ছে, চিকিৎসাসেবার প্রচারণা কি এভাবে প্রতিযোগিতামূলক বিপণনে পরিণত হওয়া উচিত? সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিমালা যথাযথভাবে মানা হচ্ছে কিনা, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন। আমরা চাই, কসবা উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। জনদুর্ভোগ সৃষ্টি করে অতিরিক্ত মাইকিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। চিকিৎসাসেবা হোক রোগীর কল্যাণে। বিরক্তিকর প্রচারণা কাম্য নয়।
নাজমুল হোসেন, খিদিরপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
