পরীক্ষার ফল জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শিক্ষাজীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা তার ভবিষ্যৎ শিক্ষার পথ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সব শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল হিসাবে ভালো ফলের প্রত্যাশা থাকে। তবে আশঙ্কার বিষয় হলো, ভালো ফল ও জিপিএ-৫ পাওয়ার প্রত্যাশা অনেক শিক্ষার্থীর মনে ভয়ভীতি, আতঙ্ক ও অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, প্রতিবছর আত্মহত্যার কারণে প্রাণ হারায় প্রায় ১৩ হাজার মানুষ। এর মধ্যে একটি বড় অংশই হচ্ছে তরুণ-তরুণী ও শিক্ষার্থী। যার উল্লেখযোগ্য কারণগুলোর একটি হলো পাবলিক পরীক্ষায় ভালো ফল না করা। একটি পরীক্ষায় ভালো ফল না করা মানেই যে একজন শিক্ষার্থী ব্যর্থ, তা নয়। কিন্তু সমাজ, পরিবার এমনকি শিক্ষাব্যবস্থার দৃষ্টিতে পরীক্ষার ফলই হয়ে ওঠে যোগ্যতার একমাত্র মাপকাঠি। ফলে ভালো ফল না করতে পারা ও অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মন -*ভেঙে যায় এবং কেউ কেউ আত্মহননের মতো ভয়াবহ সিদ্ধান্ত বেছে নেয়।
এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদেরকে শিক্ষক, সমাজ, পরিবার সবার মানসিক সমর্থন দেওয়া উচিত। ভালো ফল না হলেও তুচ্ছতাচ্ছিল্য বা অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। জীবনের চেয়ে ফল কোনোভাবেই মূল্যবান হতে পারে না। শিক্ষক, পরিবার ও আমাদের সবার হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের এ অবস্থা উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ কামনা করছি।
মো. রবিউল ইসলাম
শিক্ষার্থী, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
