অনৈতিক সম্পর্ক জামায়াত নেতাকে মারধর
Advertisement
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফলে গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে এক জামায়াত নেতাকে মারধর করা হয়েছে। তিনি হলেন দাসপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি ফারুকের বিরুদ্ধে ওই অভিযোগ এনে তাকে আটক করে ও মারধর করে। পরে অন্য লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অভিযোগ অস্বীকার করে ফারুক দাবি করেন, ‘স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধাবাড়ির ৪-৫ জন আমাকে মারধর করেছে। তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। তাদের সঙ্গে পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। আমি কোনো নারীর সঙ্গে সম্পর্ক করিনি। কোনো নারী আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেননি।’
তবে স্থানীয় এক নারীর অভিযোগ, ’ফারুক দীর্ঘদিন ধরে আমার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছে। টাকা-পয়সার প্রলোভন দিয়ে সে পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলে। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা চলছিল। প্রথমে আমরা তা বিশ্বাস করিনি। পরে কিছু ছবি দেখার পর বিষয়টি বিশ্বাস করি। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও সে আমার পুত্রবধূকে কুপ্রস্তাব দিতে থাকে।’ তবে এ বিষয়ে তার পুত্রবধূর বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
