ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হাসপাতালে বাবা
আরও চার জেলায় ৪ প্রাণহানি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের মনিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক ওই নারীর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। তাদের মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় যুবক, পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ী, রাজবাড়ীতে মাদ্রাসাছাত্র ও নেত্রকোনার দুর্গাপুরে নারী রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
মনিরামপুর (যশোর) : নিহতরা হলেন মনিরামপুরের হানুয়ার গ্রামের ফারুক হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন ও তার ছেলে আবদুর রহমান। রোববার রাতে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া-গালদা ব্রিজসংলগ্ন মোড়ে দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা জানান, ঘটনার দিন মোটরসাইকেলে ফারুক ও তার স্ত্রী মৌসুমী চার বছর বয়সি ছেলে আবদুর রহমানকে ডাক্তার দেখাতে যশোরের একটি হাসপাতালে যান। বাড়ি ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিনজনই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রলিচাপায় ঘটনাস্থলেই নিহত হন মৌসুমী ও তার ছেলে।
কলাপাড়া (পটুয়াখালী) : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মাশরাফি শিকদার কলাপাড়া উপজেলার ইসলামপুর গ্রামের নাসীর শিকদারের ছেলে। রোববার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরে দুর্ঘটনাটি ঘটে।
ঈশ্বরদী (পাবনা) : করিমন গাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত আতিকুর রহমান ঈশ্বরদীর চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে। সোমবার ঈশ্বরদী উপজেলার রূপপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ী : ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে ট্রাকচাপায় নিহত হন মাদ্রাসাছাত্র রবিন হাসান। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। রোববার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্গাপুর (নেত্রকোনা) : ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় নিহত নারীর পরিচয় জানা যায়নি। সোমবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
