জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ি থেকে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি যাতায়াতে সাফারি, জিপ ও পিকআপের নির্ধারিত ভাড়া গাড়িপ্রতি ৫০০ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিদ্রার ভাড়াও বাড়ানো হয়েছে ২০০ টাকা। শুক্রবার সকালে বর্ধিত ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। খাগড়াছড়িতে সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
সাজেক জিপ গাড়ি মালিক সমিতি সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটকবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। এর আগে মে মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রথম দফায় গাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ানো হয়েছিল। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটনকেন্দ্রে আসা-যাওয়ায় একটি গাড়ির রিজার্ভ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত সাজেকে যাপনসহ যাতায়াত ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া একরাত সাজেক ভ্যালিতে রাত্রিযাপন ও নির্ধারিত বিভিন্ন স্থানীয় স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দুই রাত অবস্থানের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত্রিযাপনসহ সব পর্যটন স্পট ঘুরে দেখার পূর্ণাঙ্গ প্যাকেজ ভাড়া ১৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি শহরের আশপাশের বিনোদনকেন্দ্র যেমন-দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝরনা, তারেং ও ঝুলন্ত সেতু ঘুরে দেখতে গুনতে হবে গাড়ি ভাড়া ৭ হাজার ৫০০ টাকা এবং পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেক পরিদর্শনের ভাড়া ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাগড়াছড়ি সড়ক পরিবহণ জিপ মালিক সমিতির অর্থ সম্পাদক মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশের আকাশচুম্বী দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই সব মালিক সমিতির যৌথ সম্মতিতে ভাড়া বাড়ানো হয়েছে।
