গোমতী সেতুতে ত্রুটি
কুমিল্লায় চট্টগ্রামমুখী লেনে বন্ধ যান চলাচল
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। রোববার বিকাল ৫টা থেকে মেরামত ও নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামমুখী এ সেতু বন্ধ রাখা হয়।
বিকল্প ব্যবস্থা হিসাবে পাশের নবনির্মিত চার লেনবিশিষ্ট নতুন সেতুটি দিয়ে ঢাকা ও চট্টগ্রাম-উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে বলে সওজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রোববার রাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পাঠানো এক জরুরি খুদেবার্তায় চালক ও যাত্রীদের পুরোনো সেতুর পরিবর্তে পাশের চার লেনের নতুন সেতুটি ব্যবহারের অনুরোধ জানানো হয়।
সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণের অংশ হিসাবে রোববার বিকালে দাউদকান্দি প্রান্তে পুরোনো সেতু পরিদর্শনকালে বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিকাল ৫টা থেকে সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তিনি আরও জানান, সোমবার একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে সেতুর সার্বিক অবস্থা ও বিয়ারিং প্যাডের ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা করবে। বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের পর মেরামতকাজ শেষ হতে কতদিন সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলা যাবে।
উল্লেখ্য, দেশের অর্থনীতির লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গোমতী নদীর ওপর পাশাপাশি দুটি সেতু রয়েছে। এর মধ্যে পুরোনো দুই লেনের সেতুটি দিয়ে চট্টগ্রামমুখী যানবাহন এবং পাশের চার লেনের নতুন সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে আসছিল। পুরোনো সেতু বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে চার লেনের নতুন সেতুকে দুই ভাগে বিভক্ত করে উভয় দিকের যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
