চাঁপাইয়ে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩
নারীসহ তিন স্থানে ঝরল আরও ৪ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুষ্করিণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক, কুষ্টিয়ায় নারীসহ দুজন এবং মুন্সীগঞ্জে বাইকচালক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম। গরু কেনা শেষে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুষ্কুরিণী এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উলটে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কালু উপজেলার ধরখার গ্রামের মৃত সেতু মিয়ার ছেলে।
ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক ও যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে চালক কামরুল ইসলাম এবং কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া সস্তিপুর এলাকার হাশেম আলীর স্ত্রী ভানুমতি।
ভানু নওদা আজমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেয়ের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সদরপুর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার আনারপুরা এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে বসুন্ধরা টিসু পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
