মালয়েশিয়ায় পাচারের চেষ্টা
সমুদ্র থেকে বোটসহ উদ্ধার ৭৬ জন, আটক ১১ দালাল
Advertisement
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এদের ৬৫ জন ভিকটিম ও ১১ জন দালাল। বুধবার রাতে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় অন্য একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। পরে কাঠের বোটটিকে সহায়তার উদ্দেশ্যে গেলে বোটের কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি এফভি ক্রিস্টাল কর্তৃক তাৎক্ষণিক বাংলাদেশ নৌবাহিনীকে জানায়। এ সময় সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান বোটটি উদ্ধার করে। বোটে পানি প্রবেশ করতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত তা নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার অধিকাংশই মানব পাচার চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় আটক ছিলেন। পরে তাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। আটক ব্যক্তি ও জব্দ বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর এ অভিযানের মাধ্যমে মানবপাচার চক্রের সদস্যদের আটকের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হলো।
