খুবিতে শিক্ষার্থীকে ‘তুমি তো ভয় পাচ্ছো’ বলে হুমকি
Advertisement
খুবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন নিয়ে সোমবার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ফুটবল দলের অধিনায়ক মো. রুবেল হোসেনকে ‘তুমি তো ভয় পাচ্ছো’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাচর্চা বিভাগের উপপরিচালক জাকির হোসেনের বিরুদ্ধে। তবে ওই মন্তব্য অন্য কোনো অর্থে করা হয়নি বলে দাবি করেছেন এসএম জাকির হোসেন।
সোমবার বিকাল ৩টায় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের বিষয়ে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাচর্চা বিভাগ। সভায় শারীরিক শিক্ষাচর্চা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমানসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পরিচালক টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধিনায়ক মো. রুবেল হোসেন আপত্তি জানান। তিনি টুর্নামেন্ট পরিচালনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের কয়েকটি দাবি তুলে ধরেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের বাকি অংশে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার কথা জানান তিনি।
রুবেল হোসেন বলেন, সভায় আমি আমার ডিসিপ্লিনের সিদ্ধান্ত জানিয়েছি। আমাদের দাবিগুলো মেনে নেওয়া হলে আমরা টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেব। সভার একপর্যায়ে আমাকে ‘হিউমিলিয়েট’ করে উপপরিচালক জাকির হোসেন বলেন, ‘তুমি তো ভয় পাচ্ছো।’ আমি তাকে যথেষ্ট সম্মান করি। তার কাছ থেকে এমন মন্তব্য পক্ষপাতিত্বের চরম বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে শারীরিক শিক্ষাচর্চা বিভাগের উপপরিচালক জাকির হোসেন বলেন, ‘হ্যাঁ, আমি রুবেলকে এ কথা বলেছিলাম। তবে অন্য কোনো অর্থে কথাটি বলিনি। আমি বোঝাতে চেয়েছিলাম, একজন অধিনায়ক হিসাবে তার নিজের কিছু সিদ্ধান্ত থাকা উচিত। কিন্তু সে হয়তো কথাটি ভুলভাবে বুঝেছে এবং এতে কিছুটা কষ্ট পেয়েছে।’
শারীরিক শিক্ষাচর্চা বিভাগের পরিচালক অধ্যাপক এসএম মাহবুবুর রহমান বলেন, আমরা টুর্নামেন্টটা শেষ করতে ইচ্ছুক। উপপরিচালক সাহেব যে অর্থে কথাটি বলেছেন সেটা তিনি ক্লিয়ার করেছেন। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
এর আগে ৭ সেপ্টেম্বর শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাংলা ডিসিপ্লিনের মাঠ খেলার উপযোগী নয়-এমন দাবিকে কেন্দ্র করে এবং শারীরিক শিক্ষাচর্চা বিভাগের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনসহ সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়ায়নি। পরবর্তী সময়ে একাধিকবার সভা হলেও বিষয়টির সমাধান হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে টুর্নামেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী শারীরিক শিক্ষাচর্চা বিভাগের ওপর আস্থা হারিয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। টুর্নামেন্টের বাকি অংশ শেষ না হলে ভবিষ্যতে শারীরিক শিক্ষাচর্চা বিভাগের অধীনে আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার কথাও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হচ্ছে।
