ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা, গ্রেফতার ১
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গারপুল এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ভিকটিমের নাম সাদ্দাম হোসেন। এ ঘটনায় স্থানীয়রা অন্তর নামে ঘাতককে হাতেনাতে ধরে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার দুপুর ১টায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে সাদ্দামকে রক্তাক্ত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, সাদ্দাম এলাকায় মাদকসেবী হিসাবে পরিচিত। অন্তর সাদ্দামকে তার নিজ ঘরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। সাদ্দামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে অন্তরকে হাতেনাতে ধরে ফেলে।
ওসি জানান, অন্তর নিজেও এলাকায় বখাটে, মাদকসেবী ও লুচ্চা হিসাবে পরিচিত। সম্প্রতি এক নারীকে জড়িয়ে ধরায় গত দুদিন আগে সাদ্দাম তাকে মারধর করে। এরই জেরে মঙ্গলবার নিজ বসতঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সাদ্দাম নগরীর শীর্ষ সন্ত্রাসী নুরুদ্দীনের সম্বন্ধী। এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। পাশাপাশি অন্তরও নুরুদ্দীন গ্রুপের সদস্য, মাদকসেবী ও ব্যবসায়ী। এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত এরা। মাদককে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড বলে ধারণা। এদের দুজনের বিরুদ্ধে মাদকসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
