সড়কে কন্যাশিশু নিহত হাসপাতালে মা-বাবা
পিরোজপুরে বাবা নিহত হাসপাতালে ছেলে * দুই স্থানে ঝরল আরও দুই গৃহবধূর প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু রাফার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন রাফার মা-বাবা। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটসংলগ্ন বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুরে ভ্যান উলটে নিহত হয়েছেন এক বাবা। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছে তার চার বছরের ছেলে। এছাড়া দুর্ঘটনায় বরিশাল ও মানিকগঞ্জে দুই গৃহবধূ প্রাণ হারিয়েছেন। কুড়িগ্রামে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষিকাসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা : ব্যবসায়ী সোহেল মোটরসাইকেলে স্কুলশিক্ষিকা স্ত্রী মুন্নি আক্তারকে প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাদের শিশুকন্যা রাফাও। মোটরসাইকেলটি বৈদ্যেরপোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে করে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাফাকে মৃত ঘোষণা করেন।
স্বরূপকাঠি (পিরোজপুর) : নেছারাবাদে ভ্যান উলটে চাপা পড়ে চালক বশির নিহত হয়েছেন। দুর্ঘটনায় ছেলে নাঈম গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সোহাগদল গ্রামের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। বশির রাজাবাড়ী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
মানিকগঞ্জ : মানিকগঞ্জের জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির ধাক্কায় গৃহবধূ সোনাই বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনাই জাগীর এলাকার শামীমের স্ত্রী।
গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে যাত্রী খাদিজা আক্তার প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার কাছেমাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষিকাসহ অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে রাজারহাট-রতিমাগ্রাম সড়কের মধ্যবর্তী চান্দামারী এলাকার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোনালুরকুটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন।
