মেঘনা লাইফের ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে শুরু হয়েছে চার মাসব্যাপী ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’। কোম্পানিটির ৩০ বছরে পদার্পণ উপলক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন ডিসেম্বর পর্যন্ত চলবে। সম্প্রতি ঢাকার একটি ভেন্যুতে মেঘনা লাইফের উন্নয়ন সভায় এ তথ্য জানানো হয়। সভার বিষয় ছিল : ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ’। এতে কোম্পানির সারা দেশের বিভিন্ন স্তরের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। যেসব কর্মী সেপ্টেম্বর মাসের লক্ষ্যমাত্রা পূরণ করেছেন, তাদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ-সদস্য নিজাম উদ্দিন আহমদ বলেন, নবায়ন প্রিমিয়াম হলো জীবনবিমার মূল চালিকাশক্তি। কিন্তু জীবনবিমা খাতে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের চেয়ে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়। এতে বড় অংশের পলিসি তামাদি হয়ে যাচ্ছে। এটি বিমা খাতের এক বড় সমস্যা। তিনি বলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং তামাদি ও পেইড-আপ পলিসি চালু করায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), কোম্পানির পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিগত বছরে ৪ হাজার ৪২৮ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে ২০২৫ সালে পরিশোধ করেছে ২৮৬ কোটি টাকা। এক্ষেত্রে দাবি পরিশোধের হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৯৪ কোটি টাকা দাবি পরিশোধ হয়েছে। মৃত্যুজনিত বিমা দাবির অর্থ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে বিইএফটিএন এবং আরটিজিএস সিস্টেমে পৌঁছে যাচ্ছে। গ্রাহকরা ঘরে বসেই টাকা পেয়ে যাচ্ছেন।
