বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
ভাস্কর্য অবমাননার ঘটনায় একজন কারাগারে
Advertisement
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ভাস্কর্য অবমাননার ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে আটক আব্দুর রহমান সম্রাট ঝিনাইদহের কাঞ্চননগর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। বুধবার দুপুরে তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা একটি জুতার মালা ঝুলতে দেখেন পথচারীরা। সেই অবমাননাকর দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে ভাস্কর্য থেকে জুতার মালাটি নামিয়ে ফেলা হয়।
এ ঘটনায় প্রথম বারের মতো স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসে। সন্ধ্যায় জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিশ বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামানসহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যরা। এরপর রাতেই সম্রাটকে আটক করা হয়। এলাকাবাসী জানায় সে ভাজা মুড়ি বিক্রি করে।
সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ দেখে তাকে (সম্রাট) আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে কি-না বা প্রকৃত পক্ষে সে জড়িত কি না এমন প্রশ্নের তিনি সরাসরি কোনো জবাব দেননি।
