কৃষক হত্যা মামলা
নান্দাইলের তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চর লক্ষ্মীদিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের তিন ছেলে মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। রিপন ও আসাদুল পলাতক।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে শফিকুল ইসলাম সবির সঙ্গে স্বপন, আপন ও রিপনের বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সবিকে কুপিয়ে হত্যা করা হয়।
নান্দাইল উপজেলার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে একটি কাপড়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সবির ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এএম আমানউল্লাহ বাদল।
