কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী
Advertisement
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কুষ্টিয়া একদিন লালন নগরী হবে। এখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। গড়াই-মধুমতিতে আবার নৌকা চলবে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে শনিবার কুষ্টিয়ার ছেঁউরিয়ায় আখড়াবাড়িতে তিনদিনের লালন স্মরণোৎসব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। মূল মাজারের পাশে উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া লালন একাডেমি। সভায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কুষ্টিয়া-১ আসনের সংসদ-সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন ও সাবেক সংসদ-সদস্য মেহেদী আহমেদ রুমী। মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী।
ডা. জাহেদ উর রহমান বলেন, তিন-চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এসে জানতে চান, লালন উদযাপনে কী উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুলভিত্তিক কোনো কর্মসূচি আছে কি-না এবং স্কুলের শিশুরা কীভাবে লালন সম্পর্কে জানতে পারবে, তা-ও জানতে চান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান চান ফকির লালন সাঁইয়ের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, লালনের দর্শন বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে বিশ্বে নানা ধরনের পরিচয়কেন্দ্রিক সংঘাত তৈরি হয়েছে। মানুষ নিজের পরিচয় সামনে এনে সংঘাতে জড়াচ্ছে-কেউ সাদা না কালো, মুসলিম না হিন্দু, ইহুদি না মুসলিম। এ পরিস্থিতিতে লালনের দর্শন অনন্য। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা আহমেদসহ স্থানীয় সাংস্কৃতিক ও প্রশাসনের প্রতিনিধিরা। শনিবার সন্ধ্যায় রাখাল সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শুরু হয়েছে। আজ দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হবে সাধুসঙ্গের মূল আনুষ্ঠানিকতা। আয়োজনে সাধুসঙ্গ, আলোচনা সভা ও লালনগীতির আসরকে কেন্দ্র করে আখড়াবাড়িতে সমাগম ঘটেছে অর্ধলাখ ভক্ত ও দর্শনার্থীর।
সমতার বোধই লালনের মূল শিক্ষা-সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাংস্কৃতিক প্রতিবেদক জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, নিজেদের মধ্যে সমতার মনোভাব আনা, ধর্ম কে পালন করবে আর কে করবে না, এটা তার নিজস্ব স্বাধীনতা। কাউকে আঘাত বা হেয় না করে সবার মতকে শ্রদ্ধা করে সমতা আনা-এটাই লালনের মূল শিক্ষা। সেটাই যেন আমরা চর্চা করি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক ছিলেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
