মামলা না নেওয়ায় লাশ নিয়ে স্বজনদের মানববন্ধন
Advertisement
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহ সদর উপজেলায় এক সন্তানের জননী শিখার লাশ নিয়ে মানববন্ধন করেছেন স্বজনরা। বুধবার দুপুরে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। শিখা নিহত হওয়ার ঘটনায় থানা পুলিশ মামলা নেয়নি-এমন অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে শিখার লাশ উদ্ধার করে পুলিশ। শিখা সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ধর্মতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
জানা যায়, কোরাপাড়া গ্রামের হাকিম মেম্বারের ছেলে গ্রিল মিস্ত্রি মুকুল ৪ অক্টোবর রাতে ফোন করে শিখাকে নিজ বাড়িতে নিয়ে আসে। এর দুদিন পর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিখার লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানান, শিখার প্রথম স্বামীর ঘরে ৫ বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। মুকুলের সঙ্গে পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রতিবেশীদের ধারণা, বিয়ের জন্য চাপ দেওয়ার পর মুকুল অস্বীকার করায় আত্মহত্যা করে থাকতে পারে শিখা।
নিহত শিখার মামা তরিকুল ইসলামের অভিযোগ, বুধবার সকালে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান স্বজনদের করা অভিযোগের বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি জানান, রাতেই শিখার বাবা শহিদুলের দেওয়া অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। আর সেই মোতাবেক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় হত্যা মামলা করার জন্য লিখিত অভিযোগ বুধবার স্বজনরা নিয়ে আসে। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়, বিধায় লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়নি।
