প্রশাসনের আশ্বাসে সাজেকে সড়ক অবরোধ স্থগিত
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের পর্যটন সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে। সাজেক থেকে জেএসএস নামধারী সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নেওয়ার দাবিতে এ অবরোধের ডাক দিয়েছিল গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন। অবরোধ কর্মসূচি শুরু হয় রোববার সকাল ৬টা থেকে। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পরবর্তী দুদিন বা ৪৮ ঘণ্টার মধ্যে দাবির বিষয়টি কার্যকর করার আশ্বাস দেওয়া হলে এ দিনই বিকাল ৫টায় সড়ক থেকে ব্যারিকেড তুলে নিয়ে কর্মসূচি স্থগিত করেন অবরোধকারীরা। ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া পর্যটকরা গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন। আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের উভয় পক্ষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অবরোধের কারণে রোববার সকাল থেকে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেকে আটকা পড়েন দুই হাজারের বেশি পর্যটক। পরে দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় আটকেপড়া পর্যটকদের বনহকারী গাড়ির বহর গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হলে সাজেকের বাঘাইহাটের উজোবাজারে আইনশৃঙ্খলা বাহিনী এবং পর্যটকদের গাড়িবহর আটকে দেন অবরোধকারীরা। এ সময় মুখোমুখি অবস্থানের একপর্যায়ে উভয় পক্ষ আলোচনায় বসে। শান্তিপূর্ণ আলোচনায় অবরোধকারীদের দাবির বিষয়ে উভয়ে সম্মত হলে সড়ক থেকে ব্যারিকেড তুলে নেওয়া হয়।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন, দুদিনের মধ্যে অভিযান চালিয়ে সাজেক থেকে জেএসএস নামধারী সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে দেওয়া, স্থানীয় জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ মানুষের বাড়িঘরে তল্লাশি বন্ধ করা এবং সব ধরনের হুমকি প্রতিরোধ করার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আপাতত আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। তবে দাবি কার্যকর করা না হলে নির্দিষ্ট দুদিন পর আবার অনির্দিষ্টকালের কর্মসূচি চলবে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সমঝোতার মাধ্যমে ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি-দাওয়ার বিষয়টি পরবর্তী দুদিনের মধ্যে কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে।
পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ উল্লেখ করে রোববর সন্ধ্যায় জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী এ নির্দেশনা দেন, যা এদিনই সন্ধ্যা ৬টা থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে কাল বিকাল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক পর্যটন এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।
