পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন চিফ হুইপের
এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস
৩১ চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ৪ জন, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ
Advertisement
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটসহ বিদ্যমান নানা সমস্যা আগামী একমাসের মধ্যে নিরসনের আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ-সদস্য নুরুল ইসলাম মনি। সোমবার দুপুরে হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
উপজেলার সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক, ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
জানা গেছে, অনুমোদিত ৩১টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র চারজন। অল্পসংখ্যক চিকিৎসক দিয়ে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ ছাড়া দুজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদও শূন্য রয়েছে। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হাসপাতালে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা নিরসনে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বর্তমানে ওষুধের সংকট নেই। হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে।
