কালাইয়ে থানায় ঢুকে তিন পুলিশকে পিটুনি, গ্রেফতার ১
Advertisement
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসলাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার থুপসাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় কালাই থানায় ঘটনাটি ঘটে।
গ্রেফতার আসলাম থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। এ ঘটনায় কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় থানার কয়েকজন পুলিশ সদস্য দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম।
পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ার চেষ্টা করলে বাটামের আঘাত তার বাম চোয়ালে লাগে। এতে তিনি জখম হন।
এজাহারে আরও বলা হয়, আসলামকে আটকানোর চেষ্টা করলে তিনি ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর আঘাত লাগে। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে থানার চত্বর থেকে পালিয়ে যান আসলাম।
আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায়, আসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
