খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
পাঁচ স্থানে ঝরল আরও ৭ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে চাঁদপুরে আরোহী, ময়মনসিংহে ব্যবসায়ী, মুন্সীগঞ্জে শিক্ষার্থী, টাঙ্গাইলে কিশোর ও খুলনায় ট্রাকচালকসহ তিনজন রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : নিহতরা হলেন-জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার এবং তার মেয়ে জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন। চট্টগ্রামমুখী মাইক্রোবাস বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী মা ও মেয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গাড়ির আরও চার যাত্রী আহত হয়েছেন।
চাঁদপুর : মতলব উত্তরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন খোকনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির এলাহী প্রধানের ছেলে। ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ব্যবসায়ী আলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা উপজেলায় বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আলালের বাড়ি তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় স্কুলছাত্র একরামুল হক রহির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বন্ধু মোটরসাইকেল আরোহী আবুবকর গুরুতর আহত হয়েছে। বুধবার বিকালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত কিশোর শাওনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাওন উপজেলার ইন্দারজানি-ভাতগড়া এলাকার সৌদি প্রবাসী বারেক মিয়ার ছেলে।
খুলনা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক ও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এবং মঙ্গলবার রাতে উপজেলার আঠারমাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম জিন্নাত মিয়া। তিনি মুন্সীগঞ্জের মোক্তারপুর গ্রামের বাসিন্দা। নিহত অন্য দুজন হলেন-ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী এবং একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার।
