দুই বাসের রেষারেষিতে বাইক আরোহী নিহত
কুমিল্লায় মায়ের সামনে ট্রাকচাপায় শিশুর মৃত্যু * চার স্থানে সড়ক দুর্ঘটনায় ঝরল আরও ৬ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লায় মায়ের সামনেই ট্রাকচাপায় শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে গাইবান্ধা ও ময়মনসিংহে দুজন করে চারজন, সাতক্ষীরায় ইজিবাইকচালক এবং চট্টগ্রামে চালকের সহকারী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা ও যাত্রাবাড়ী : নিহত আমিরুল ইসলামের বাড়ি টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামে। তার বাবার নাম ইউসুফ আলী। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় থাকতেন। ঢাকাগামী দুটি বাস পাল্লা দিয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি বাস আগে যাত্রাবাড়ীর দিকে চলে যায়। অপরটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এদিকে দুপুরে বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বিমানবন্দর এলাকায় নামার সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা : দেবিদ্বারে রাস্তা পারের সময় মায়ের সামনে ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিনহার বয়স ১০ বছর। মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। দেবিদ্বারের ছোট শালঘড় নানার বাড়িতে তারা বেড়াতে এসেছিল। সোমবার মিনহার মা জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারে হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে তারা অটোরিকশায় নানার বাড়িতে ফিরছিলেন। পথে ভাড়া পরিশোধের সময় দুর্ঘটনাটি ঘটে।
গাইবান্ধা ও সুন্দরগঞ্জ : সুন্দরগঞ্জে অটোভ্যানে ও ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-এনামুল হক ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজিপাড়া গ্রামে।
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে বাসচাপায় ইজিবাইকচালক সাগর আলীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে বংশীপুর কাহার পাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি বংশীপুর গ্রামে সওকাত গাইনের ছেলে।
ময়মনসিংহ : ময়মনসিংহে দুই পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-মাইজবাড়ি এলাকার মাজাহার। অপরজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মধ্যরাতে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে দুটি ট্রাকের সংঘর্ষে হেলপার মিলন নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বারৈয়ারহাটের মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
