গাজীপুর সাফারি পার্ক
নীলগাই পরিবারে নতুন চার অতিথি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীপুরে সাফারি পার্কে নীলগাই পরিবারে চার শাবকের জন্ম হয়েছে। এক মাসের মধ্যে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবক চারটির জন্ম হয়। মায়ের সঙ্গে খুনসুটি আর অন্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করেই সময় কাটছে তাদের। নতুন অতিথিদের দেখতে পেয়ে আনন্দিত পার্কে আসা দর্শনার্থীরা, বিশেষ করে শিশুরা।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শাবক চারটি সুস্থ আছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে এখনো তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জন্মের পরপরই শাবকদের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি। পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় মায়ের সঙ্গে শাবকগুলোকে প্রথম দেখা যায়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান বলেন, পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে নীলগাইয়ের শাবক দেখতে পান। পরে মোট চারটি শাবকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, চারটি নীলগাইয়ের শাবকের জন্ম হয়েছে। শাবকগুলোর নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখতে পার্ক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
