বাস-বাইক সংঘর্ষে নিহত গাড়িতে বিক্ষুব্ধদের আগুন
তিন স্থানে ঝরল আরও ৩ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর আশিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও তিনজনের প্রাণ গেছে। তাদের মধ্যে সাতক্ষীরায় পথচারী, নেত্রকোনায় বৃদ্ধা ও কুষ্টিয়ায় কিশোর রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
জয়পুরহাট : নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে। সে জয়পুরহাট শহরের একটি হোটলের কর্মচারী ছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশিক দুই সহযোগীকে সঙ্গে মোটরসাইকেলে সদর উপজেলার হাতিগাড়া গ্রাম থেকে কর্মস্থলে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত হয় আরও দুজন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়।
সাতক্ষীরা : গাড়িচাপায় পথচারী রহিমা খাতুনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিমা সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
মদন (নেত্রকোনা) : মদনে ইজিবাইক থেকে ছিটকে বৃদ্ধা আনোয়ারা আক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৌর সদরের নেত্রকোনা-মদন সড়কে সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা মদন উপজেলার জাওলা গ্রামের মৃত খাদেমুল ইসলাম বুলবুল মিয়ার স্ত্রী।
দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর রোকন হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রোকন উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
