চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের খাতুনগঞ্জে মেসার্স ইলিয়াস ব্রাদার্সের (এমইবি) অফিসে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে ২০-৩০ সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানটির নিচতলায় এলোপাতাড়ি ভাঙচুর করে। এ সময় তারা প্রতিষ্ঠানের প্রহরীকেও মারধর করে। হামলার সময় ঘটনাস্থল থেকে তানজিরুল হক নামে এক যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। গ্রেফতার অপর দুজন হচ্ছেন- অনিক দত্ত ও শাহাবুদ্দিন।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল হক বলেন, ‘হামলায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ এমইবি গ্রুপের এমডি মোহাম্মদ শামসুল আলম কেন্দ্রীয় বিএনপির সদস্য। তিনি জানান, খাতুনগঞ্জের অফিসটি তারা এমইবি গ্রুপের লিয়াজোঁ অফিস হিসাবে ব্যবহার করেন। মঙ্গলবার দুপুরে ২০-৩০ যুবক লাঠিসোঁটা নিয়ে প্রহরীকে মারধরসহ পুরো অফিসে তাণ্ডব চালায়।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে তিনজনকে ধরে ফেলেন। পরে এদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। শামসুল আলম বলেন, ‘হামলায় জড়িত সবাইকে গ্রেফতার ও শাস্তির মুখোমুখি করা না গেলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবেন এ এলাকা থেকে।’
