ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
তিন শিশু ও দুই ইউপি সদস্যসহ ঝরল আরও ১০ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় সুপারভাইজার প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় ছয় স্থানে আরও ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বগুড়ায় দুই ইউপি সদস্যসহ তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় তিন শিশু, নাটোরে চালকের সহকারী, মুন্সীগঞ্জে যুবক এবং কুমিল্লায় অটোচালক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : উত্তরায় বাসের ধাক্কায় সুপারভাইজার ফসিয়ার রহমান হাসান নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জসীমউদ্দীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জসীমউদ্দীন সড়কে পিপিবি পরিবহণের বাসের সামনে দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন হাসান। এ সময় চালক বাসটির ব্রেক করলে সেটির ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসান মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মিরপুরের ১ নম্বর সেকশনের ই ব্লকে ভাড়া বাসায় থাকতেন।
খুলনা : নিহতরা হলেন-সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার। সাতক্ষীরাগামী বাসের সঙ্গে গোলনা এলাকায় মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। গুরুতর আহত স্ত্রী হান্নাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বগুড়া : কাহালুতে ট্রাকের ধাক্কায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ। এছাড়া দুর্ঘটনায় বৃদ্ধ আব্দুল মকিমের মৃত্যু হয়েছে। এদিকে নন্দীগ্রামে ট্রাকের পেছনে ধাক্কায় আরেক ট্রাকচালক নিহত হয়েছেন। তার নাম ওবায়দুল। তিনি যশোরের কেশবপুর থানার পরচক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু সানজিদার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার ঢুলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামো কাঞ্চনতলা গ্রামের শফিকুল ইসলামের শিশু ও রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি) স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে তার অভিভাবকের সঙ্গে স্কুলে আসার পথে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে একটি পাওয়ার টিলার তাকে চাপা দেয়। অপরদিকে এ দিন উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘায় সড়ক দুর্ঘটনায় শিশুর ফারিয়ার মৃত্যু হয়েছে। আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাক তাদের ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
নাটোর : নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ব্রিজের নিচে পড়ে হেলপার রিপন নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালক মাসুদ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকায় আয়চান ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। রিপন পাবনার ইসলামপুর গ্রামের রনির ছেলে। রংপুর থেকে চালবোঝাই ট্রাক দিনাজপুর থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। ভোরে ঘন কুয়াশা ও ড্রাইভারের ঘুমের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেছে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অটোচালক নুরুদ্দিন গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে।
কুমিল্লা : চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক লিটন মিয়ার মৃত্যু হয়েছে। লিটন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় অটোরিকশা উলটে শিশু নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুসরাত উপজেলার পুটিয়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে। সে শিশু শ্রেণির ছাত্রী ছিল।
