সিলেট সীমান্তে ফের বিস্ফোরকের চালান
নাশকতার কথা বলা হলেও গ্রেফতার নেই
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট সীমান্তে উচ্চক্ষমতার বিস্ফোরক পাচারের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিস্ফোরকের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এবারের চালানের সঙ্গেও কাউকে আটক করা হয়নি। আগের চালানের মতো এবারের চালানও পরিত্যক্ত।
বুধবার সকালে বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার রাতে জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ৪৮ বিজিবি। এ সময় জৈন্তাপুর সীমান্ত থেকে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়। তিনি জানান, পরিত্যক্ত উদ্ধার করা বিস্ফোরকগুলো উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য পাচার করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত শনিবার ভোরে কানাইঘাট সীমান্তের নুনছড়া চা-বাগান এলাকায় ১৯ বিজিবির একটি দল অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করে বিজিবি। ওই চালানের ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, দুই দফার অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরক ও সরঞ্জামের পরিমাণ যোগ করলে পাওয়া যায় ৯৮টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ১৪৮টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড। সীমান্ত দিয়ে এত বিপুল বিস্ফোরকের চালান নিয়ে আসার লক্ষ্য-উদ্দেশ্য, এর সম্ভাব্য গন্তব্য নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাই পণ্যও জব্দ করা হয়েছে। কিন্তু জড়িতরা আটক-গ্রেফতার হচ্ছে না। বিজিবির দায়িত্বশীলরা বলছেন, বিস্ফোরক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলেও দাবি বিজিবির।
