Logo
Logo
×

Advertisement

খবর

বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী

নাশকতা মোকাবিলায় মাঠে থাকার নির্দেশ এমপিদের

অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচি পালনের নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলীয় সংসদ-সদস্যদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নিজ নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চলমান পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়ার কথাও বলেন। বুধবার বিকালে জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশনা দেন। সরকারদলীয় সংসদ-সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভায় অংশ নেওয়া একাধিক সংসদ-সদস্য বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

জানা যায়, সভার শুরুতে বেশ কয়েকজন সংসদ-সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান সহিংসতা ও নৈরাজ্যের বিষয়টি তুলে ধরেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবসহ সারা দেশে নাশকতার বিষয়গুলো সংসদীয় সভায় উঠে আসে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ-সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সবাইকে মাঠে থাকবে হবে। দলের দুর্দিনে যেসব ত্যাগী নেতাকর্মী ছিলেন তাদের মূল্যায়ন করতে হবে। এলাকাকেন্দ্রিক কিংবা অভ্যন্তরীণ কোনো কোন্দল থাকলে সেটি দ্রুত মিটিয়ে নেওয়ার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান।

রাজপথে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবিলার নির্দেশনা দিয়ে তারেক রহমান উপস্থিত এমপিদের উদ্দেশে বলেন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণই তাদেরকে প্রতিরোধ করবে। দলের পোড় খাওয়া নেতাকর্মীদের কাছে টানার আহ্বান জানিয়ে বলেন, ওইসব নেতাকর্মীই দলের প্রাণ। তাদের যদি মান-অভিমান থাকে, তাহলে সেটি দূর করার চেষ্টা করুন। তাদেরকে কাছে ডাকুন, মূল্যায়ন করুন।

সরকারপ্রধান বলেন, পরাজিত ও পলায়নকারী আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। সারা দেশে অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এটিকে প্রতিহত করতে হবে। যে কোনো উপায়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

এ সময় ১৯৯১ থেকে ১৯৯৫ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, যখনই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা শুরু হয়, তখনই এই দলটি দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসের পথ বেছে নেয়। আওয়ামী লীগের মধ্যে কখনোই গণতন্ত্র না থাকায় তারা সবসময় এই পথেই হাঁটে। জনসমর্থন না থাকায় তারা একদিকে বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করে। বিগত দিনে তারা সফল হলেও সামনে যাতে সেটি না পারে সেদিকে সবার নজর দিতে হবে।

সভার শুরুতে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখেন। এরপর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফজলুল হক মিলন, আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, শামা ওবায়েদ, এবিএম মোশাররফ হোসেন, এস এম জিলানীসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিগত ১৭ বছরের নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তারা বলেন, আওয়ামী লীগকে এখনই রুখে দিতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এমনকি গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে।

সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ-সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ সময় নিজ এলাকায় দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেককে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না।

সভায় একাধিক সংসদ-সদস্য অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের কথা শুনছেন না। এ বিষয়ে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি ও উষ্মা প্রকাশ করেন বলে জানান কয়েকজন এমপি। সংসদ-সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা সরকারি দলের সংসদ-সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তারা আপনাদের কথা শুনতে বাধ্য। প্রশাসনের কোনো কর্মকর্তা কথা না শুনলে তাকে বিষয়টি জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রীর আগে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গোপালগঞ্জে আওয়ামী লীগের নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই। তবে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুব শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সকাল থেকেই মাঠে থাকবে বিএনপি ও অঙ্গ-সংগঠন : এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্কাবস্থান নিয়েছে বিএনপি। আজ সকাল থেকেই রাজপথে থাকার কর্মসূচি গ্রহণ করেছে দলটি। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনও একই কর্মসূচি হাতে নিয়েছে। সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ মিছিল বের করবে জাতীয়তাবাদী ছাত্রদল। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও মাঠে থাকবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগেও কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’ দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী নাশকতা মোকাবিলায় মাঠে থাকার নির্দেশ এমপিদের

নাশকতা মোকাবিলায় মাঠে থাকার নির্দেশ এমপিদের

জননিরাপত্তায় সিলেটে বিএনপির ৭ টিম

জননিরাপত্তায় সিলেটে বিএনপির ৭ টিম

সিলেট সীমান্তে ফের বিস্ফোরকের চালান

সিলেট সীমান্তে ফের বিস্ফোরকের চালান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম