‘বরিশল’ উপজেলায় যুক্ত হতে রাজি নয় মাছিহাতা
রেলপথ অবরোধ
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া সদরের মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তের উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার সমাবেশ করেছেন মাছিহাতা ইউনিয়নবাসী। এছাড়া রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধরা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঘাচং রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। ফলে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় দুটি ট্রেন আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম জানান, ‘অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি এ ইউনিয়ন থেকে আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। এবার ‘বরিশল’কে উপজেলা করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এতে মাছিহাতাসহ সদরের তিন ইউনিয়নকে ‘বরিশলে’ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করে মাছিহাতা ইউনিয়নবাসী। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতারা। পরে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় বিএনপির নেতারাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, ‘কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী বরিশলে যুক্ত হবেন না।’ তারা বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব এবং সুলতানপুর ইউনিয়নকে ‘বরিশল’ উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে দাপ্তরিক চিঠি পাঠানো হয়।
