সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পূর্বশত্রুতা ও সংবাদ প্রকাশের জেরে দৈনিক তৃতীয় মাত্রার মাদারীপুর জেলা প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে। সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহাদাৎ।
আহত সাংবাদিক, তার স্বজন ও সহকর্মীরা জানান, সোমবার সকালে ঢাকা থেকে শিবচরে ফেরার পথে খানকান্দি স্কুলসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মামুনুর রহমান বাবুলকে তুলে নিয়ে যায়। পরে তাকে শাহাদাৎ হোসেন খানের নিজ বাসায় নিয়ে রড দিয়ে মারধর করা হয়। এতে তার দুই পা ভেঙে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক বলেন, শাহাদাৎ নিজেই আমাকে পিটিয়েছে। এ সময় অন্য যারা ছিল, তাদের আমি চিনতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই। চিকিৎসার জন্য এখন ঢাকায় আছি। কিছুটা সুস্থ হয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করব।
