Logo
Logo
×
   

খবর

বরিশালে মেয়র প্রার্থীর ওপর হামলা, তদন্তের নির্দেশ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলাসহ কয়েকটি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে ১৪ জুনের মধ্যে সরেজমিন তদন্ত করে পৃথক তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিযোগের তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বরিশালের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে ইসি। এ ছাড়া কী ব্যবস্থা নেওয়া হলো, তা প্রতিবেদন আকারে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়-১২ জুন বরিশাল সিটি নির্বাচনে কিছু অনিয়মের কথা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। একাধিক মিডিয়ায় যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তা হচ্ছে-মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলা, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বুথে ঢুকে ভোটারকে নৌকার এজেন্টের নির্দেশনা। এ সময় প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তা প্রতিবেদন আকারে দাখিলের জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে ইসি। এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে সরেজমিন তদন্ত করে ১৪ জুনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনের দিন সোমবার নগরীর নবগ্রাম রোডের ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নৌকার কর্মীদের হাতে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করীমের আহত হওয়ার অভিযোগ ওঠে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম