Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

রেসিপি

ইলিশের নানা পদ

রেসিপি দিয়েছেন এমডি পলাশ মোল্লা অ্যাক্সিকিউটিভ সু সেফ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

Advertisement

Icon

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইলিশ খিচুড়ি

যা লাগবে : খিচুড়ির জন্য-গোবিন্দভোগ/সুগন্ধি চাল দেড় কাপ, মুগডাল ১ কাপ, পেঁয়াজ ১টি, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, জিরা ১/২ চা চামচ, দারুচিনি ১ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, ঘি দেড় টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, গরম পানি প্রয়োজনমতো। ইলিশের জন্য-ইলিশ ৪-৬ টুকরা, হলুদ ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৪ টেবিল চামচ।

যেভাবে করবেন : খিচুড়ি-মুগডাল হালকা ভেজে চালের সঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পাত্রে ঘি ও সামান্য তেল দিয়ে দারুচিনি, এলাচ, তেজপাতা ও জিরার ফোড়ন দিন। পেঁয়াজ ও আদা দিয়ে ভাজুন। এরপর চাল ও ডাল দিয়ে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিন। হলুদ, লবণ ও গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। খিচুড়ি নরম ও ঝরঝরে হয়ে এলে কাঁচামরিচ ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন। ইলিশে লবণ ও হলুদ মেখে ১০ মিনিট রাখুন। সরিষার তেলে ইলিশের টুকরাগুলো হালকা সোনালি করে ভেজে নিন। পরিবেশনের সময় গরম খিচুড়ির ওপর বা পাশে ভাজা ইলিশ সাজিয়ে দিন। ওপরে সামান্য ঘি ও ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিতে পারেন।

রয়্যাল ইলিশ দোপেঁয়াজা

যা লাগবে : ইলিশ মাছ ৮ টুকরা, পেঁয়াজ ৩টি বড় পাতলা করে কাটা, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, সরিষার তেল ৫ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সামান্য গরম পানি।

যেভাবে করবেন : ইলিশে লবণ ও হলুদ মেখে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে ইলিশের টুকরাগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। একই তেলে কাটা পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে ভাজুন, যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামি ও সুগন্ধি হয়। পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও গুঁড়া মসলা দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। ভাজা ইলিশ মসলার মধ্যে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ঢেকে ৬-৮ মিনিট অল্প আঁচে রান্না করুন। এবার সামান্য কাঁচা সরিষার তেল ছড়িয়ে ১-২ মিনিট রেখে গরম সাদা ভাত বা বাসমতী ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সুবর্ণ সর্ষে ইলিশ

যা লাগবে : ইলিশ মাছ ৮ টুকরা, সরিষার তেল ৫-৬ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৬-৮টি, সামান্য ধনিয়াপাতা। পেস্ট : হলুদ সরিষা ২ টেবিল চামচ, কালো সরিষা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৩টি, লবণ ১/২ চা চামচ, পানি প্রয়োজনমতো, নারিকেল বাটা ১ টেবিল চামচ, পোস্ত বাটা ১ চা চামচ।

যেভাবে করবেন : ইলিশের টুকরাগুলো পরিষ্কার করে সামান্য লবণ ও হলুদ মেখে ১০-১৫ মিনিট রাখুন। হলুদ সরিষা, কালো সরিষা, কাঁচামরিচ ও সামান্য লবণ একসঙ্গে বেটে নিন। পেস্টের সঙ্গে প্রায় ১/২ কাপ পানি মিশিয়ে পাতলা করুন। প্যানে সরিষার মিশ্রণ ঢেলে অল্প আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। এবার ইলিশের টুকরাগুলো মসলার মধ্যে বসিয়ে দিয়ে ৮-১০ মিনিট অল্প আঁচে রান্না করুন।

উপরে ২-৩ টেবিল চামচ কাঁচা সরিষার তেল ও কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে দুই মিনিট ঢেকে রাখুন। মসলা যখন ঘন হয়ে মাছের গায়ে সুন্দরভাবে লেগে তেলের সুবাস বের হবে, তখন চুলা বন্ধ করে একটি কালো বা মাটির পাত্রে ইলিশের টুকরা পরিবেশন করুন। তার ওপর সরিষার ঘন গ্রেভি ঢেলে দুটি চেরা কাঁচামরিচ ও কয়েক ফোঁটা সরিষার তেল দিন।

কলাপাতায় রয়্যাল ইলিশ পাতুড়ি

ইলিশ মাছ ৮ টুকরা, হলুদ সরিষা বাটা ২ টেবিল চামচ, কালো সরিষা বাটা ১ টেবিল চামচ, নারিকেল বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২-৩টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৬-৮টি, কলাপাতা প্রয়োজনমতো।

যেভাবে করবেন : ইলিশের টুকরা পরিষ্কার করে লবণ ও সামান্য হলুদ মেখে ১০ মিনিট রাখুন। সরিষা, নারিকেল ও কাঁচা মরিচ বাটা, লবণ ও ২ টেবিল চামচ সরিষার তেল একসঙ্গে মিশিয়ে মসলা তৈরি করুন। প্রতিটি ইলিশের টুকরা মসলায় ভালোভাবে মাখিয়ে ১৫-২০ মিনিট মেরিনেট করুন। কলাপাতা হালকা আগুনে নরম করে নিয়ে তার ওপর মাছ রাখুন। একটি কাঁচামরিচ ও সামান্য সরিষার তেল দিয়ে কলাপাতা মুড়িয়ে নিন। স্টিমারে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে ভাপে রান্না করুন। গরম অবস্থায় কলাপাতাসহ পরিবেশন করুন সাদা ভাত, পোলাও বা সুগন্ধি গোবিন্দভোগ ভাতের সঙ্গে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শহর থেকে দূরে প্রশান্তির খোঁজে

শহর থেকে দূরে প্রশান্তির খোঁজে

রেসিপি ইলিশের নানা পদ

ইলিশের নানা পদ

জেনে নিন চোখ যে মনের কথা বলে

চোখ যে মনের কথা বলে

আয়োজন জেন্টেল পার্কে কেনাকাটায় ছাড়

জেন্টেল পার্কে কেনাকাটায় ছাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম