রেসিপি
ভিন্ন স্বাদে আনারস
রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা, আলোকচিত্রী মনির আহমেদ
Advertisement
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিংড়ি আনারসের ঝাল-মিষ্টি
যা লাগবে : বড় আনারস একটি, বড় চিংড়ি ছয় পিস, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া এক চা চামচ করে , লবণ স্বাদমতো, কাঁচামরিচ ফালি পাঁচ-সাতটি, সয়াবিন তেল চার টেবিল চামচ।
যেভাবে করবেন : আনারস দুই ভাগ করে কেটে কুরিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। এবার চিংড়ি দিয়ে দুই-এক মিনিট ভেজে নিন। পরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। এবার আনারস কোরানো দিয়ে রান্না করুন। কোনো পানি দেওয়া যাবে না। আনারসের পানি থেকেই রান্না হয়ে যাবে। পানি শুকিয়ে এলে কাঁচামরিচ ফালি দিয়ে লবণ দেখে নামিয়ে পরিবেশন করুন চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসা।
টক ঝাল মিষ্টি আচার
যা লাগবে : আনারস দুটি, চিনি এক কাপ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ২ টেবিল চামচ, বিট লবণ এক চা চামচ, লবণ এক চা চামচ, রসুন ছেঁচা দুই টেবিল চামচ, সরিষার তেল এক কাপ, সিরকা হাফ কাপ।
যেভাবে করবেন : আনারস খোসা ফেলে ছোট টুকরা করে কেটে নিন। এবার আনারস, চিনি, সরিষা বাটা, পাঁচফোড়ন, শুকনা মরিচ গুঁড়া, বিট লবণ, লবণ আর সিরকা দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন এক ঘণ্টা। কড়াইতে সরিষার তেল গরম হলে ছেঁচা রসুন ফোড়ন দিয়ে সুগন্ধি বের হলে মাখানো আনারস দিয়ে রান্না করুন।
মোরব্বা
যা লাগবে : আনারস একটি, শুকনা মরিচ তিনটি, আদা কাটা পাঁচ পিস, লবণ এক চিমটি, চিনি এক কাপ, পানি আধা কাপ।
যেভাবে করবেন : আনারসের খোসা ফেলে কিউব করে কেটে নিন। এবার হাঁড়িতে পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। এক চিমটি লবণ দিয়ে আনারস ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। এভাবে করে দুবার জ্বাল করুন একদিন পরপর। শেষে শুকনা মরিচের বিচি ফেলে আদা ফুল শেপ কেটে দিন। আরও ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে নিয়ে কাচের বোতলে ভরে ফেলুন। তৈরি হয়ে গেল আনারসের মোরব্বা।
আনারস মাখা
যা লাগবে : আনারস কুচি এক কাপ, পেয়ারা কুচি এক কাপ, আমড়া কুচি এক কাপ, শুকনা মরিচ টালা গুঁড়া এক টেবিল চামচ, লাল চিনি ২ টেবিল চামচ, বিট লবণ হাফ চা চামচ, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, লবণ হাফ চা চামচ, কাসুন্দি ২ টেবিল চামচ। লেবুপাতা ২টি।
যেভাবে করবেন : আনারস-পেয়ারা-আমড়া খোসা ফেলে কেটে নিন কুচি করে। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। তারপর সার্ভিং বাটিতে কাঠি দিয়ে বা কাঁটাচামচ দিয়ে পরিবেশন করুন আনারসের মাখা।
