ইউনিসেফের প্রতিবেদন
বাংলাদেশে আরও ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরান-যুক্তরাষ্ট্রের পালটাপালটি হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির মূল্য বেড়েছে। এর ফলে বাংলাদেশে আরও প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ একটি বিশ্লেষণী প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে।
বিশ্ব সংস্থাটি একই সঙ্গে বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতকেন্দ্রিক পরিস্থিতি দীর্ঘায়িত হলে চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে আরও ২ কোটি ৩৪ লাখ শিশু দারিদ্র্যসীমার নিচে নামতে পারে। ‘দ্য ইমপ্যাক্ট অব দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট অন চিলড্রেন ইন মনিট্যারিলি পুওর হাউসহোল্ডস’ শীর্ষক ওই প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। ১৬৭টিরও বেশি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা পরিবারগুলোর ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে দরিদ্র শিশুদের ওপর।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি, মাছ ও মুরগির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় সাধারণ পরিবারের ওপর চাপ বাড়ছে। এর ফলে অতিরিক্ত প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব সংস্থা বলছে, বৈশ্বিক আর্থিক দারিদ্র্য বৃদ্ধির সবচেয়ে বড় অংশ ঘটবে এশিয়া ও আফ্রিকায়। নতুন করে দারিদ্র্যে পড়া মানুষের প্রায় ৮০ শতাংশই এ দুই অঞ্চলের হবে। কারণ এখানে আগে থেকেই দারিদ্র্যের হার বেশি এবং বাইরের অর্থনৈতিক ধাক্কার প্রভাবও তুলনামূলক বেশি।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং অনেক দেশের সীমিত রাজস্ব সক্ষমতা পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণের ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে দরিদ্র শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ফলে ইতোমধ্যে যে কয়েকটি দেশে এর প্রভাব স্পষ্ট হয়েছে, সেগুলোর মধ্যে বাংলাদেশ একটি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মূল্য দিচ্ছে শিশুরা।
