২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে আনা হবে: সড়কমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সরকার অর্ধেকে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেল এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা ও হাইওয়ে টহল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সড়কমন্ত্রী বলেন, চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর আইন প্রয়োগ এবং দুর্ঘটনার পর দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি প্যাট্রোল মোটরসাইকেলের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ-সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প দেশের প্রথম বহুখাতভিত্তিক ‘নিরাপদ ব্যবস্থা পদ্ধতি’ভিত্তিক উদ্যোগ।
