ডেঙ্গুতে ৫, হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। অপরদিকে হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও তিনজনের। এ সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে চলতি বছর ৩৫৭ জনের প্রাণ গেল। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে। এদিকে চলতি বছর মঙ্গলবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন। হামজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৪ জনে।
মঙ্গলবার ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজন, বরিশাল সিটি করপোরেশনের বাইরে দুজন এবং রংপুর সিটি করপোরেশনের বাইরের একজন মারা গেছেন। আর নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ১১০ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৫ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১০৫ জন, খুলনায় ১৪১ জন, ময়মনসিংহে ৮০, রাজশাহী ১২৮, রংপুরে ৭২ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু : মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। চলতি বছর হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। আরও বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২১৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৬ জন, চট্টগ্রামে ২৫১, সিলেটে ১১৮, বরিশালে ১২৫, খুলনায় ৯৭, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ৩৩ ও রংপুরে ২৫ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন। এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৫ হাজার ৭৬৮। যার মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।
