ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ
৪ জনের অবস্থা আশঙ্কাজনক
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জে এক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর হাজিপাড়া মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলো-লামিয়া (১২), আসিয়া (৮), সুমাইয়া (১৩), জিকরি (১২) ও আতিয়া (১২)। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুব আলম।
ওসি বলেন, শিক্ষার্থীরা ভবনের ছাদে আখ নিয়ে যায় খাওয়ার জন্য। মাদ্রাসার উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন বয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত শিক্ষার্থীদের হাতের আখ বিদ্যুতের তারের সংস্পর্শে যায়। এতে তারা দগ্ধ হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। দগ্ধদের মধ্যে চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে জানতে মাদ্রাসার প্রিন্সিপালের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
ফতুল্লা বিসিক ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, মাদ্রাসা ভবনের গ্রাউন্ড ফ্লোরের নিচে গ্যাসের রাইজার ছিল। তাতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে-ছাদে বিদ্যুতের স্পার্কের সময় গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটে। তবে গ্রাউন্ড ফ্লোরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
