বিরোধীদলীয় নেতার সঙ্গে বিপিএএমইএ’র মতবিনিময়
প্যাকেজিং খাতের সমস্যা সংসদে তোলার আশ্বাস
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) নেতারা। এ খাতের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা এবং জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা।
রোববার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অর্থনীতিতে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের ভূমিকা, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং রপ্তানি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিপিএএমইএ’র প্রেসিডেন্ট শাহরিয়ার আহমেদ বলেন, বিরোধীদলীয় নেতা তাদের কাছ থেকে এ খাতের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। প্রায় এক ঘণ্টার বৈঠকে তিনি অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও অন্য প্রতিনিধিদের বক্তব্যও শোনেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের সেক্টরের সমস্যাগুলো তুলে ধরেছি। একই সঙ্গে এ খাতের সম্ভাবনার কথাও জানিয়েছি।’ বিরোধীদলীয় নেতা সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা এবং জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।
শাহরিয়ার আহমেদ আরও বলেন, ডা. শফিকুর রহমান এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি লিখিত প্রতিবেদন দিতে অ্যাসোসিয়েশন নেতাদের অনুরোধ করেছেন তিনি, যাতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংসদসহ সংশ্লিষ্ট জায়গায় বিষয়গুলো তুলে ধরা যায়।
মতবিনিময়ে বিপিএএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন কনভিন্স জিপার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; বিপিএএমইএ’র সাবেক প্রেসিডেন্ট ও খান অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাদের খান; বিপিএএমইএ’র উপদেষ্টা ও প্রিমিয়ার অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার লতিফুর রহমান আজিম; বিপিএএমইএ’র ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাহারুল হক শহীদ; বিপিএএমইএ’র ভাইস-প্রেসিডেন্ট ও একেএইচ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ ফিরোজ উদ্দিন; বিপিএএমইএ’র ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও বাদশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সবুজ; বিপিএএমইএ’র ভাইস-প্রেসিডেন্ট ও পাওয়ার প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মো. বাবুর প্রমুখ । বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ : রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
