সৌদির বিমানবন্দরে বিস্ফোরণ
রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো বিজি-৩৩৯ ও বিজি-৩৪০। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। শনিবার জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে রিয়াদ বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটের যাত্রাও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফ্লাইট দুটিতে টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, ফ্লাইট দুটির নতুন সময়সূচি ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে আজ রোববার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এদিকে ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ টিকিট বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। অনাকাক্সিক্ষত এ পরিস্থিতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী বিভিন্ন ফ্লাইটের কয়েকটি অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ফ্লাইট চলাচলে এ বিঘ্ন দেখা দেয়। তবে বিস্ফোরণের পরিস্থিতি, এর কারণ এবং ফ্লাইট স্থগিতের সঙ্গে এর সরাসরি সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
