গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গৃহস্থালির বর্জ্য অপসারণের কাজ কেন্দ্র করে রাজধানীর গুলশান সোসাইটি অফিসে প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-মো. আনোয়ার, মো. নাজমুল ও জিদান মিয়া। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যাদেশের ভিত্তিতে গুলশান আবাসিক এলাকার গৃহস্থালির বর্জ্য অপসারণের কাজ করে আসছে গুলশান সোসাইটি। সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দেয়। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে বলে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কয়েকজন অস্ত্রধারী গুলশান সোসাইটি অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা মাসে ৫০ লাখ টাকা দাবি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর তদন্ত শুরু করে গুলশান থানা পুলিশের একটি টিম। তারা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
