দুদিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাস বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি জানান তারা।
এর আগে ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। সারা দেশে দুদিনের ধর্মঘটের ঘোষণায় চিন্তিত সাধারণ মানুষ। কারণ দেশের এক কোটির বেশি পরিবার এলপিজির ওপর নির্ভরশীল।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সোমবার রাতে যুগান্তরকে বলেন, এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতাদের সঙ্গে ওইদিন তার বৈঠক হয়েছে। কমিশন বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে তারা আলোচনা করেছেন। বিষয়টি বিইআরসি দেখছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এলপিজি অপারেটররা বিইআরসির নির্ধারিত দামে বিক্রি না করে প্ল্যান্ট থেকেই বেশি দামে গ্যাস সরবরাহ করছেন। এ অভিযোগ পেয়েছে বিইআরসি। তা তদন্তে সোমবার কয়েকটি প্ল্যান্টে তদন্ত দল পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, চাহিদা অনুযায়ী এলপিজি না পাওয়ায় বাজারে নির্ধারিত দামে সিলিন্ডার মিলছে না। ১২ কেজির সিলিন্ডার কিনতে ক্রেতাদের ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দিতে হচ্ছে। পরিবেশকদের দাবি, কমিশন না বাড়ালে নির্ধারিত দামে বিক্রি সম্ভব নয়। এজন্য প্রতি সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার দাবিতে ৮ অক্টোবর বিইআরসিকে চিঠি দিয়েছেন তারা। তবে এ বিষয়ে এলপিজি অপারেটরদের বক্তব্য পাওয়া যায়নি।
