ডেঙ্গু নিয়ে সেমিনারে বক্তারা
সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। তাদের মতে, শুধু সভা-সেমিনার ও জনসচেতনতা সৃষ্টি করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে মঙ্গলবার বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে আরও বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার প্রমুখ।
সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আলোচনা সভা ও সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব প্রতিষ্ঠান কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুর রব বলেন, ডেঙ্গুতে আক্রান্ত এক লাখের বেশি রোগী শনাক্ত হলেও প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না। রাজনীতি যদি শুধু ক্ষমতা অর্জনের জন্য হয়, তবে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না। তার মতে, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের তৎপরতা দেখা যাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে সতর্ক করে তিনি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
