ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও মলচত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের। ঘটনার সময় তার ছেলে সাদমান গাড়িটি চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী রিকশায় করে যাচ্ছিলেন। অন্য কয়েকজন গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। এতে পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুজনের পা কেটে রক্তক্ষরণ হয়েছে। অন্য কয়েকজনও গুরুতর আঘাত পেয়েছেন।
মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি গাড়িটি রিকশায় ধাক্কা দিয়েছে। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঢাবির প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা থানায় মামলা করবেন। প্রক্টর আরও বলেন, চালকের আসনে থাকা ছেলেটির ড্রাইভিং লাইসেন্স ছিল না।
গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।
